অডিও চ্যাটের প্রতিলিপি তৈরি করে ফেসবুক!

১৮ আগষ্ট, ২০১৯ ১৩:০৩  
গুগল, অ্যাপল, মাইক্রোসফট ও অ্যামাজন’র পর এবার মেসেঞ্জার ব্যবহারকারীদের ভয়েস রেকর্ডিং শোনা এবং সেগুলোর প্রতিলিপি সংরক্ষণের অভিযোগ উঠেছে ফেসবুক এর বিরুদ্ধে। তৃতীয় পক্ষের মাধ্যমে শত শত কর্মী নিয়োগ করে এই অপকর্মটি করেছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। অনলাইন নিউজ পোর্টাল ব্লুমবার্গ জানিয়েছে, অডিও’র প্রতিলিপি তৈরি করতে ঠিকাদারদের মাধ্যমে কতিপয় চটপটে কর্মীদের কাছে মেসেঞ্জারের রেকর্ডিং সরবরাহ করতো ফেসবুক। তবে কর্তৃপক্ষ এসব রেকর্ডিং কীভাবে সংগ্রহ করতো সেই পদ্ধতি সম্পর্কে কিছু জানা যায়নি। ফেসবুকের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মীরাই ব্লুম বার্গকে এ তথ্য দিয়েছে। চাকরী হারানোর ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মীরা জানিয়েছে, কোথা থেকে এই অডিওগুলো সরবরাহ করা হতো তা তারা বলতে অপারগ। ব্যবহারকারীদের মেসেঞ্জারের কথোপকথন শোনার কার্যক্রম এক সপ্তাহ আগে বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। গণমাধ্যমটিকে ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীদের মেসেঞ্জারের কথোপকথনের প্রতিলিপি তৈরি করা হয়েছে ম্যানুয়ালি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি তৈরির পদ্ধতিটি যেন আরও উন্নত করা যায় সেজন্য এই কাজটি করা হয়েছে। তাছাড়া ব্যবহারকারীদের কাছ থেকে মাইক্রোফোনে একসেসে সম্মতি নিয়েই কথোপকথনের রেকর্ডিং সংগ্রহ এবং কথোপকথনেরও প্রতিলিপি তৈরি করা হয়েছে।